নোয়াখালীর সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বাজারে গত রবি ও মঙ্গলবার আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে দোকানপাট। এসব ঘটনায় পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নান্দিয়াপাড়া বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, রোববার রাত পৌনে আটটার দিকে নান্দিয়াপাড়া বাজারের পার্শ্ববর্তী বাগপাঁচড়া এলাকার বিএনপির কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে বাজার প্রদক্ষিণ করেন। পরে নবগ্রাম ও নান্দিয়াপাড়া থেকে আওয়ামী লীগের কর্মীরাও বাজারে পাল্টা মিছিল বের করেন। মিছিল দুটি বাজার প্রদক্ষিণকালে মুখোমুখি হয়ে পড়লে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। রাত ১১টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। এ সময় বাজারের অন্তত পাঁচটি দোকানে হামলা চালিয়ে লুটপাট চালানো হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয় একটি দোকান। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ, পরে পুলিশ লাইন থেকে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মঙ্গলবার সকালে বিএনপির সমর্থক তাভির আহমদ বাজারে গেলে আওয়ামী লীগের লোকজন তাঁকে মারধর করেন। একপর্যায়ে তাঁরা বিএনপি সমর্থকদের চারটি দোকানে অগ্নিসংযোগ করেন, ভাঙচুর করেন আরও অন্তত ১০টি দোকান। এর জের দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আহত ব্যক্তিদের সোনাইমুড়ীর বজরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।ব্যবসায়ী মোশারফ হোসেন লিটনের অভিযোগ, পুলিশের সামনেই আওয়ামী লীগের সমর্থক আবদুল কুদ্দুছের নেতৃত্বে প্রকাশ্যে তাঁদের দুটি দোকানসহ বিএনপি সমর্থকদের চারটি দোকান আগুনে পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম ও বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী ঘটনাস্থলে ছুটে যান। পরে ইউএনও মঙ্গলবার বেলা একটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নান্দিয়াপাড়া বাজার ও তত্সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন। দেওটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন অভিযোগ করেন, আবদুল কুদ্দুছ দলীয় লোকজন দিয়ে বিনা উসকানিতে বিএনপির লোকজনকে মারধর ও দোকানপাটে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করিয়েছেন। অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের সমর্থক আবদুল কুদ্দুছ বলেন, আওয়ামী লীগের মিছিলটি বাজার প্রদক্ষিণকালে বিএনপির কিছু উচ্ছৃঙ্খল কর্মী লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর প্রথমে হামলা চালায়।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত। বাজারে পুলিশ মোতায়েন রয়েছে। তিনি জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় চারজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।