সোনাইমুড়ীতে আ.লীগে কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ তীব্র হয়ে উঠেছে। সম্প্রতি দলের এক তলবি সভায় উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়ার ঘটনায় বিরোধ প্রকাশ্যে চলে আসে। সর্বশেষ ৩১ জানুয়ারি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন টোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোনাইমুড়ী উপজেলা ও ইউনিয়ন কমিটিগুলো আগের অবস্থায় রয়েছে বলে দাবি করে এসব বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য জেলা আওয়ামী লীগের সদস্য খন্দকার রুহুল আমিনকে অভিযুক্ত করা হয়। জানা গেছে, প্রতিবাদের প্রথম প্রকাশ ঘটে গত ২৪ অক্টোবর সোনাইমুড়ীতে প্রতিমন্ত্রী শিরীন শারমিনের উপস্থিতিতে এক মতবিনিময় সভায়। ওই সভায় উপস্থিত দলের উপজেলা ও পৌর কমিটির বেশ কয়েকজন নেতা সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে ক্ষোভের কথা প্রতিমন্ত্রীকে জানান। তখন প্রতিমন্ত্রী নেতাদের সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান। উপজেলা কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আবদুল আউয়াল জানান, প্রতিমন্ত্রীর ওই আহ্বানেও কাজ হয়নি। এতে দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। সভার সভাপতি আবু ইউছুফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তলবি সভায় উপস্থিত সদস্যদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে মমিনুল ইসলাম বাকের ও সাধারণ সম্পাদকের পদ থেকে আ ফ ম বাবুকে (বর্তমান উপজেলা চেয়ারম্যান) অব্যাহতির প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি জ্যৈষ্ঠ সহসভাপতি মাহফুজুর রহমান বাহারকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক নান্টু বিহারী চক্রবর্তীকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।আবু ইউছুফ প্রথম আলোকে জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক দল ক্ষমতায় আসার পর দলের স্বার্থ না দেখে নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত হয়ে পড়েন। এতে কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও দলের সর্বস্তরের নেতা-কর্মী ক্ষুব্ধ। তাই তলবি সভায় উপস্থিত নেতাদের প্রস্তাব অনুযায়ী সভাপতি ও সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।অন্যদিকে অব্যাহতি পাওয়া সভাপতি মমিনুল ইসলাম বাকের ও সাধারণ সম্পাদক আ ফ ম বাবু দাবি করেন, কথিত তলবি সভার সিদ্ধান্তের বিষয়ে যে প্রচারণা চালানো হচ্ছে—বাস্তবে ওই রকম কোনো সভাই হয়নি। এসব সোনাইমুড়ীতে আওয়ামী লীগের রাজনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ। যার সঙ্গে খন্দকার রুহুল আমিন নামের জনৈক আওয়ামী লীগ নেতা জড়িত রয়েছেন।এ বিষয়ে খন্দকার রুহুল আমিন প্রথম আলোকে জানান, তিনি দলের জেলা কমিটির সদস্য এবং সোনাইমুড়ী উপজেলার উপদেষ্টা। দলের ভালো-মন্দ দেখা তাঁরও কর্তব্য। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আ ন ম সেলিম বলেন, জেলা কমিটির অনুমোদন ছাড়া কাউকে অব্যাহতির সুযোগ নেই। সোনাইমুড়ী আওয়ামী লীগের আগের কমিটিই বহাল রয়েছে। এসব করে দলেরই ক্ষতি করা হচ্ছে।