সোনাইমুড়ীতে আ.লীগের ভোট কমেছে
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গত পাঁচ বছরে আওয়ামী লীগের ভোট কমেছে। বেড়েছে বিএনপি ও জামায়াতের। এর মধ্যে জামায়াতের ভোট বেড়েছে বিএনপির চেয়েও বেশি।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে দলটির সমর্থিত ও সমর্থক প্রার্থীর প্রাপ্ত ভোট এবং বিগত নির্বাচনে প্রাপ্ত ভোটের ফলাফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া যায়। ২০০৯ সালের ২২ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আ ফ ম বাবুল ৪১ হাজার ৬১৪ ভোট পেয়ে চেয়ারম্যান হয়েছিলেন। এবার তিনি পেয়েছেন ১৭ হাজার ৮০৬ ভোট। দলের ‘বিদ্রোহী’ প্রার্থী খন্দকার রুহুল আমিন পেয়েছেন ১৪ হাজার ৭৬৩ ভোট। আর বিএনপি-সমর্থিত প্রার্থী আনোয়ারুল হক নির্বাচিত হয়েছেন ৫৩ হাজার ২৯৪ ভোট পেয়ে।
অর্থাৎ, আওয়ামী লীগ-সমর্থিত ও ‘বিদ্রোহী’ প্রার্থীর ভোট যোগ করলেও বিজয়ী বিএনপি-সমর্থিত প্রার্থীর সঙ্গে ভোটের ব্যবধান ২০ হাজার ৭২৫ ভোট। আর বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী না থাকলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সঙ্গে ভোটের ব্যবধান আরও বেশি হতো বলে মনে করেন এলাকার ভোটাররা। বিএনপির বিদ্রোহী প্রার্থী ছাখাওয়াত হোসেন পেয়েছেন ছয় হাজার ৫৫৮ ভোট।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল হক প্রথম আলোকে বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা সীমিত। ইচ্ছা থাকলেও উন্নয়ন করা যায় না। কিন্তু ভোটাররা তা বোঝেন না। তাই তাঁরা বিপক্ষে চলে গেছেন। বিদ্রোহী প্রার্থীও বেশ ক্ষতি করেছেন। জামায়াতের ভোট বাড়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, বিএনপির কর্মীরাও তাঁদের প্রার্থীর পক্ষে ততটা তৎপর ছিলেন না, যতটা জামায়াত তাঁদের এবং বিএনপির প্রার্থীর পক্ষে তৎপর ছিল।