সোনাইমুড়ীতে ছিনতাই হওয়া অটোরিকশাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে ছিনতাই হওয়া সিএনজিচালিত অটোরিকশাসহ তিন ছিনতাকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাঁরা আন্তজেলা ছিনতাইকারী চক্রের সদস্য। গত সোমবার রাতে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের সোনাইমুড়ী পৌর এলাকার নাওতলা বাকের চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। উদ্ধার করা অটোরিকশাটি সোনাইমুড়ী থানা পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেপ্তার হওয়া তিন ছিনতাইকারী হচ্ছেন ফেনীর দাগনভূঞা উপজেলার হাসান-গণিপুর গ্রামের নুরুল আলমের পুত্র শাহিন (২৫), একই উপজেলার চানপুর গ্রামের নুর আহম্মদের পুত্র নুর নবী (৩২) ও নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামের আবু বকর সিদ্দিকের পুত্র মোমিন উল্যাহ (৪২)।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, অটোরিকশাটির নম্বর এবং মালিকের সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এখনো মামলা হয়নি। আটক ব্যক্তিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।