সোনাইমুড়ীতে ডাকাতি হামলায় আহত ৩ স্বর্ণালংকার লুট
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের মাওতলা গ্রামের আবদুল খালেকের বাড়িতে ডাকাতি হয়েছে। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতেরা এ সময় পরিবারের লোকজনকে মারধর ও কুপিয়ে আহত করে অস্ত্রের মুখে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে। এ সময় ডাকাতদের হামলায় নারীসহ আহত হয়েছেন তিনজন।
আহত ব্যক্তিরা হলেন জামাতা জাকির হোসেন (৩৭), তাঁর স্ত্রী খোদেজা বেগম (৩০) ও শ্যালক মো. কিরন (১৮)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত জাকির হোসেন প্রথম আলোকে বলেন, রাত আনুমানিক তিনটার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত তাঁর শ্বশুরবাড়িতে হানা দেয়। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতেরা ঘরের ফটকের তালা কেটে এবং দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর ডাকাতেরা তাঁকে ছাড়াও তাঁর স্ত্রী ও শ্যালককে কুপিয়ে ও পিটিয়ে আহত করে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে লুটপাট শুরু করে।
তিনি আরও বলেন, ডাকাতেরা ঘরের আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে চার ভরি স্বর্ণালংকার, এক লাখ ৪৫ হাজার টাকা ও দামি সাতটি মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন আসেন। কিন্তু তার আগেই ডাকাতেরা পালিয়ে যায়।
জানতে চাইলে ডাকাতির ঘটনা নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ। গতকাল রোববার তিনি প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।