সোনাইমুড়ীতে তরুণী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে গতকাল বুধবার বিকেলে সুমি আক্তার (২০) নামের এক তরুণী খুন হয়েছেন। তবে কে বা কারা খুন করেছে, তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে নিহত সুমির বড় ভাই জাকির হোসেনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় সুমির ঘর তল্লাশি করে দেশীয় শক্তিশালী একটি হাতবোমা এবং মুরগির খোঁয়াড়ের ভেতর থেকে সুমির রক্তমাখা জামাকাপড় উদ্ধার করেছে। এ ছাড়া সুমির লাশ উদ্ধার করে সোনাইমুড়ী থানায় নিয়ে আসা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।স্থানীয় একাধিক সূত্রের ভাষ্যমতে, নিহত সুমির সঙ্গে একই এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুমির বড় ভাই জাকির হোসেন ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেন। সুমি কথা না শোনায় গতকাল বিকেল পৌনে চারটার দিকে জাকির তাঁকে ঘরের ভেতরই গুলি করেন বলে অভিযোগ। গুলিতে সুমি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে বিকেল পাঁচটার দিকে প্রথমে সোনাইমুড়ী থানা পুলিশ, পরে সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে অবস্থানকারী সহকারী পুলিশ সুপার মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, সুমির মাথায় গুলি করা হয়েছে, নাকি ধারালো ছোরা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। আশপাশের লোকজন গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। এ ছাড়া বসতঘরের ভেতরে-বাইরের বিভিন্ন স্থানে রক্তের দাগ রয়েছে। আলী হোসেন আরও জানান, এক যুবকের সঙ্গে প্রেমের ঘটনা নিয়ে বড় ভাই জাকির সুমিকে গুলি করেছেন বলে কেউ কেউ বলছেন। ঘটনার পর থেকেই জাকির পলাতক।পুলিশ সূত্র জানায়, জাকিরের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় হত্যা ও চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে। তিনি এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।