সোনাইমুড়ীতে তিন ছাত্রী ফের অসুস্থ, মাদ্রাসা বন্ধ ঘোষণা
হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়ে আবার অসুস্থ হয়ে পড়েছে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ইমাম বোখারী (রা.) দাখিল মাদ্রাসার তিন ছাত্রী। তাৎক্ষণিক গতকাল বুধবার দুপুরে তাদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তিন ছাত্রী আবার অসুস্থ হয়ে পড়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ ছুটির মেয়াদ আগামী ২৬ জুন পর্যন্ত বাড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছিল।গত শনি ও সোমবার দুই দফায় ওই মাদ্রাসার ২৬ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ১৯ জনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাদ্রাসার সুপার মো. ইস্রাফিল মাহমুদ সাংবাদিকদের জানান, মোটামুটি সুস্থ হওয়ার পর সব ছাত্রছাত্রীকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু দুপুর ১২টার দিকে আমেনা খাতুন (১১), রিনা আক্তার (১১) ও ফারজানা বেগম (১২) নামের তিন ছাত্রী বাড়িতে আবার অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরিবারের লোকজন বিষয়টি তাঁকে জানালে তিনি হাসপাতালে খবর দেন। পরে হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম গিয়ে তাদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অসুস্থ তিনজনই পঞ্চম শ্রেণীর ছাত্রী। নোয়াখালী মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক এ এইচ এম মোসলেহ উদ্দিন বলেন, ছাত্রীরা আবার অসুস্থ হয়ে পড়ার বিষয়টি তেমন কিছু নয়। এখানকার চিকিৎসায় তারা সুস্থ হয়ে উঠবে।চিকিৎসকেরা বলেন, ওই মাদ্রাসার ছাত্রছাত্রীরা গণমনস্তাত্ত্বিক অসুস্থতায় ভুগছে।