সোনাইমুড়ীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দুই দিনে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের তিনটি স্থানে গতকাল শুক্রবার বিকেল তিনটা থেকে আজ শনিবার ভোর ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন গতকাল দুপুরে এ ঘোষণা দেয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্যাটারিচালিত ইজিবাইকের চাঁদা আদায়কে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে একজন শ্রমিক ও একজন লাইনম্যানের হাতাহাতি হয়। এর জের ধরে গতকাল সকাল পর্যন্ত দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে সোনাইমুড়ী বাজারের অন্তত ২০টি দোকান এবং ১৪-১৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক ভাঙচুর করা হয়।আহত ব্যক্তিদের মধ্যে মানিক মিয়া (৩০), তৈয়ব আলী (২৮), মো. রিপন (১৭), লিটন (২৪), সুজন (২০), রফিক (৫৫), নুরু মিয়া (২২), মো. মিন্টু (৩৮), মীর হোসেন (১৮), মো. লিটন (১৬), মো. স্বপন (২৮), মো. রুবেল (২৫), মো. সোলেমান (৪৮) ও বদু মিয়াকে (২৫) সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অন্য ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।বৃহস্পতিবার রাত প্রায় দুইটা পর্যন্ত সোনাইমুড়ী চৌরাস্তা, বাইপাস ও সোনাইমুড়ী বাজারে সংঘর্ষ চলে। একপর্যায়ে অতিরিক্ত পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশ বেধড়ক লাঠিপেটা করে এবং শটগান থেকে বেশ কয়েকটি গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এরপর গতকাল সকাল নয়টার দিকে গ্রামবাসীর মধ্যে আবারও সংঘর্ষ হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সোনাইমুড়ী চৌরাস্তা, বাইপাস ও মডেল স্কুল রোডে দফায় দফায় সংঘর্ষ, দোকানপাটে হামলা ও ভাঙচুর চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ছোড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে জানান, এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। উভয় মামলায় ৪০০-৫০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।