সোনাইমুড়ীতে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেউটি ইউনিয়নের মুহুরীগঞ্জ বাজারে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত এসব সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাজারের সাত-আটটি দোকান ভাঙচুর ও লুটপাটও করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুহুরীগঞ্জ বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেউটি ও সুরহলী গ্রামের বাসিন্দাদের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মুহুরীগঞ্জ বাজারে বুধবার রাতে দেউটি গ্রামের সোহেল ও সুরহলী গ্রামের রাজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে সুরহলী গ্রামের ২৫-৩০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে মুহুরীগঞ্জ বাজারে হামলা চালায়। খবর পেয়ে দেউটি গ্রামের লোকজনও সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। প্রায় ঘণ্টা খানেক তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ধাওয়া ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে রফিক উল্লা ও জুয়েল নামের দুজনকে আটক করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে বাবলু, রুহুল আমিন, গোলাম মোস্তফা, মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, আকবর হোসেন, মো. বাবুকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল দিনভর বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছিল।