সোনাইমুড়ীতে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত ৩০, গ্রেপ্তার ২০
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গত সোমবার সন্ধ্যায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় প্রায় ১৫টি দোকানে ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, স্থানীয় নাওতোলা গ্রামের বাসিন্দা মানিক মিয়া (২৬) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেল চালিয়ে জোড়পোল এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে মানিকের সঙ্গে ভ্যানচালকের হাতাহাতি হয়। এর জের ধরে নাওতোলা ও সোনাইমুড়ী গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই গ্রামের বাসিন্দারা লাঠিসোঁটা, লোহার রড, দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থামানোর চেষ্টা করে। ইটের আঘাতে শাহদাত হোসেন ও নুরে আজম নামের পুলিশের দুই সদস্য আহত হন।