নোয়াখালীর সোনাইমুড়ীতে পল্লী বিদ্যুতের অভিযোগকেন্দ্র ও আঞ্চলিক কার্যালয়ে আবারও হামলা-ভাঙচুর চালিয়েছে গ্রাহক ও ফুটবল খেলার দর্শকেরা। গত শনিবার রাতে বিদ্যুৎ না থাকায় আর্জেন্টিনা ও জার্মানির মধ্যকার খেলা দেখতে না পেরে তারা ওই হামলা চালায়। এ সময় সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ ও তিন কনস্টেবল আহত হন।স্থানীয় সূত্রে জানা গেছে, আগের দিনের ব্রাজিল-হল্যান্ডের মতো শনিবারও আর্জেন্টিনা ও জার্মানির মধ্যকার খেলা শুরু হওয়ার ১৫-২০ মিনিটের মাথায় বিদ্যুৎ চলে যায়। এ সময় দর্শক মিছিল নিয়ে চৌমুহনী রেললাইনসংলগ্ন পল্লী বিদ্যুতের অভিযোগকেন্দ্র ও থানার সামনের আঞ্চলিক কার্যালয়ে হামলা চালায়। তারা ইট-পাথর নিক্ষেপ করে এবং আসবাবপত্র ভাঙচুর ও ফাইলপত্র তছনছ করে। এরপর ক্ষুব্ধ দর্শক হামলা চালায় সমিতির আঞ্চলিক কার্যালয়ে। তাদের ছোড়া ইট-পাথরের আঘাতে কার্যালয়ের প্রায় সব কয়টি জানালার কাচ ভেঙে যায়। এ সময় ভেতরে থাকা কর্মচারীরা পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশও ইট-পাথরের আঘাতে আহত হয়।