সোনাইমুড়ীতে যুবলীগ কর্মী খুন, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যক্তিগত বিরোধের জের ধরে স্থানীয় এক যুবলীগ কর্মীর ধারালো অস্ত্রের আঘাতে সুমন (২৫) নামে অপর এক যুবলীগ কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সোনাইমুড়ী রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে যুবলীগের কর্মীরা ওই দিন রাতে সোনাইমুড়ী-লাকসাম বাইপাস সড়ক অবরোধ করেন এবং বিক্ষোভ মিছিল করেন। স্থানীয় আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন, নিহত সুমন যুবলীগের কর্মী। কিন্তু যার বিরুদ্ধে হত্যার অভিযোগ করা হয়েছে সে চিহ্নিত সন্ত্রাসী। নিহত সুমন সোনাইমুড়ী পৌর শহরের বানুয়াই এলাকার ছায়েদুল হকের ছেলে।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজিবুল ইসলাম জানান, দোকানের বাকি পাওনা টাকা চাওয়ায় রোববার বিকেলে বানুয়াই এলাকার রুহুল আমিনের ছেলে মো. রুবেলের (২৬) ছোটভাইকে মারধর করেন সুমন। এর জের ধরে মাগরিবের নামাজ চলাকালীন রেলস্টেশনের প্ল্যাটফর্মের একটি দোকানে বসা সুমনকে রুবেল ধারালো ছুরি দিয়ে কয়েকটি আঘাত করে পালিয়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পথে সুমন মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা ছোরা উদ্ধার করেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ ফ ম বাবু জানান, রুবেল চিহ্নিত সন্ত্রাসী। যুবলীগের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।