সোনাইমুড়ীতে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে স্কুলছাত্রী নাজমা আক্তারের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বখাটে সুজনের (২০) বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাতে নাজমার বাবা আবুল হাসেম নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনাইমুড়ী থানায় ওই মামলা করেন।সোনাইমুড়ী থানা সূত্রে জানা গেছে, বখাটে সুজনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত মঙ্গলবার নাজমা তাঁর সামনেই বিষ পান করে এবং পরে দুপুরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।প্রসঙ্গত, সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ও পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বিজয়নগর গ্রামের নাজমাকে প্রায়ই উত্ত্যক্ত করত এলাকার সুজন। এ কারণে প্রায় দুই সপ্তাহ বিদ্যালয়ে যায়নি সে। গত মঙ্গলবার বিদ্যালয়ে যাওয়ার পথে সুজন আবার উত্ত্যক্ত করলে সে সঙ্গে থাকা কীটনাশক পান করে। এ সময় সুজন ও তাঁর কয়েকজন সহযোগী মিলে নাজমাকে হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর চিকিৎসকেরা নাজমাকে মৃত ঘোষণা করেন।গতকাল বৃহস্পতিবার নাজমাদের বাড়িতে গেলে তাঁর বাবা আবুল হাসেম প্রথম আলোকে জানান, ‘সরকার বখাটেদের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে বলে শুনেছি। আমি চাই, আমার মেয়ের মতো আর কারও মেয়েকে যেন বখাটেদের কারণে অকালে জীবন দিতে না হয়। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’এদিকে নাজমার মৃত্যুর পর সোনাইমুড়ী মডেল উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা মুখ খুলতে শুরু করেছে। গতকাল সাংবাদিকদের সামনেই কয়েকজন ছাত্রী বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহফুজুল হকের কাছে বখাটেদের উত্ত্যক্ত করার বিষয়ে তথ্য দেয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুদ্দীন জানান, ‘বখাটে সুজনের উত্ত্যক্ত করার কথা নাজমা আমাদের কখনোই জানায়নি। জানালে আমরা কিছু একটা করতে পারতাম।’ মাহফুজুল হক জানান, ‘নাজমার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আজ (গতকাল) সোনাইমুড়ী থানার ওসিকে নিয়ে ক্লাসে ক্লাসে গিয়ে ছাত্রীদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছি।’দুপুরে সুজনদের বাড়িতে গিয়ে দেখা যায়, বসতঘরের দুটো দরজাই বাইরে থেকে আটকানো। এ সময় প্রতিবেশী পারুল আক্তার জানান, নাজমার মৃত্যুর পর থেকে সুজনদের পরিবারের সবাই বাড়ি ছেড়ে চলে গেছে।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে জানান, নাজমার বাবা মামলা করেছেন। একমাত্র আসামি সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।