সোনাইমুড়ীতে স্ত্রীসহ পাঁচজনকে কুপিয়ে জখম!
নোয়াখালীর সোনাইমুড়ীতে জাকির হোসেন নামে এক ব্যক্তি তাঁর স্ত্রী-শাশুড়িসহ পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যৌতুকের মামলা করায় জাকির হোসেন এ হামলা চালিয়েছেন। উপজেলার হাসানপুর গ্রামে গত শনিবার এ ঘটনা ঘটে।হামলায় আহত হয়েছেন জাকিরের স্ত্রী রুনা বেগম (২৩), রুনার মা হাজেরা বেগম (৫০) ও রুনার তিন বোন আইরিন আক্তার (২০), কোহিনুর আক্তার (৩০) ও মারজাহান বেগম (২৫)। তাঁদের মধ্যে মারজাহানকে নোয়াখালী শহরের একটি বেসরকারি ক্লিনিকে এবং বাকিদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।জাকির হোসেন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তিনি স্ত্রীর দায়ের করা সাজানো যৌতুকের মামলায় এক সপ্তাহ জেলে থাকার পর জামিনে এসেছেন বেশ কয়েক দিন আগে। তাঁর যদি কোনো ক্ষোভ থাকত, তাহলে জেল থেকে এসেই হামলা করতে পারতেন।হাসপাতালে চিকিৎসাধীন রুনা বেগম অভিযোগ করেন, প্রায় পাঁচ মাস আগে দুই লাখ টাকা যৌতুক দাবি করে তাঁর স্বামী জাকির হোসেন তাঁকে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেন। এ ঘটনায় এক মাস আগে তিনি জাকির হোসেনের বিরুদ্ধে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেন। জাকির জামিনে এসে শনিবার সকাল আটটায় ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান।