সোনাইমুড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া এলাকায় চৌমুহনী-রামগঞ্জ সড়কে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
গতকাল রোববার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাইয়ারা গ্রামের নুরুল ইসলামের ছেলে মেজবাহ উদ্দিন ওরফে ওহাব (৩৭) এবং অটোরিকশার চালক দিনাজপুরের নবাবগঞ্জ থানার দেনাতপড়া গ্রামের মো. তছলিমের ছেলে এনামুল হক ওরফে বাবু (২৮)।
অটোরিকশাচালক এনামুল সোনাইমুড়ী এলাকায় বসবাস করতেন বলে সহপাঠীরা নিশ্চিত করেছেন। এ ছাড়া আহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন মো. সোহেল (৩২) ও মো. জাহেদ (৩৬)। এঁদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল তিনটার দিকে চৌমুহনী থেকে রামগঞ্জ অভিমুখী জননী সুপার সার্ভিসের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার চালকসহ ছয়জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে চারজনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজনকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে মেজবাহ উদ্দিন ও এনামুল হককে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সোনাইমুড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি উদ্ধার করে।