সোনাইমুড়ীতে হামলা-লুটপাটের প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আবিরপাড়া বাজারের ব্যবসায়ীরা গতকাল শনিবার ধর্মঘট পালন করেছেন। গতকাল ওই বাজারের প্রায় ২০০ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। গত শুক্রবার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলাকালে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এ ধর্মঘট পালন করা হয়।গতকাল সারা দিন আবিরপাড়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়। সংঘর্ষের পর গতকালও সোনাইমুড়ীর আবিরপাড়া ও চাটখিলের শিবপুর গ্রামে পরিস্থিতি ছিল থমথমে। তবে ওই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে গতকাল সকালে ব্যবসায়ীরা বাজারে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে ব্যবসায়ীরা ঘটনার বিচার কিংবা শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার ঘোষণা দেন।ব্যবসায়ী সমিতির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আজাদ হোসেন, বেলাল হোসেন, জাফর আহম্মদ, মো. হারুন প্রমুখ বক্তব্য দেন।আফজাল প্রথম আলোর কাছে দাবি করেন, শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবপুর গ্রামের বাসিন্দারা দফায় দফায় বাজারে হামলা চালিয়ে অন্তত ৬০টি দোকান ভাঙচুর, লুটপাট এবং ব্যবসায়ীদের মারধর করে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।প্রসঙ্গত, শুক্রবার বিকেলে আবিরপাড়া বাজার-সংলগ্ন মাঠে খেলা নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির জের ধরে শিবপুর গ্রামের বাসিন্দারা বাজারে হামলা চালায়। বিকেল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সংঘর্ষ চলাকালে আবিরপাড়া বাজারের অন্তত ৬০টি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাটি দুই উপজেলার চেয়ারম্যানদের উদ্যোগে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।