সোনাইমুড়ীতে ১৭ মাদ্রাসা শিক্ষার্থী হঠাৎ অসুস্থ
নোয়াখালীর সোনাইমুড়ীতে ১৭ মাদ্রাসা শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। গতকাল সোমবার পৌর শহরের রামপুর এলাকার ইমাম বোখারী (রা.) দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাদ্রাসা সূত্র জানায়, গত শনিবার ক্লাস চলাকালে পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। পরে মাদ্রাসার শিক্ষকেরা তিন ছাত্রীর সঙ্গে সুমাইয়াকে বাড়িতে পাঠিয়ে দেন। সুমাইয়াকে বাড়িতে নিয়ে যাওয়া ছাত্রীরা মাদ্রাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আরও তিন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ পরিস্থিতিতে দুপুরে মাদ্রাসা ছুটি দেওয়া হয় এবং পরদিন মাদ্রাসা বন্ধ রাখা হয়। গতকাল মাদ্রাসা খুললে অসুস্থ শিক্ষার্থীরা সুস্থ অবস্থায় মাদ্রাসায় আসে। কিন্তু দুপুর ১২টার দিকে সুমাইয়া আগের মতো অসুস্থ হয়ে পড়ে। পরে তার অভিভাবকেরা তাকে বাড়ি নিয়ে যায়। কিন্তু এরপর একে একে মাদ্রাসার পঞ্চম, সপ্তম ও অষ্টম শ্রেণীর আরও ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়। খবর পেয়ে সোনাইমুড়ীর বজরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুটি চিকিৎসা দল মাদ্রাসায় গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেয়। এ সময় চিকিৎসকেরা অসুস্থ শিক্ষার্থীদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়। মাদ্রাসার সুপার মো. ইস্রাফিল মাহমুদ প্রথম আলোকে বলেন, মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সঙ্গে পরামর্শ করে মাদ্রাসা কয়েক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হতে পারে।নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সুখেন্দু শেখর প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা মাস হিস্টিরিয়ায় (গণমনস্তাত্ত্বিক অসুস্থতা) আক্রান্ত হয়েছে। এটি একধরনের মানসিক সমস্যা। একজনের দেখাদেখি অন্যজন আক্রান্ত হয়ে থাকে। তিনি বলেন, অসুস্থ শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা চলছে।