সোনাইমুড়ীর আমিশাপাড়ায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর আমিশাপাড়া বাজার ও তৎসংলগ্ন এলাকায় গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম প্রথম আলোকে বলেন, দুটি পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সোমবার বেলা তিনটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমিশাপাড়া বাজার ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ থাকবে। দলীয় ও স্থানীয় সূত্র জানায়, রোববার আমিশাপাড়া বাজারে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ চলাকালে বিএনপির কর্মী বেলাল হোসেনের দোকানসহ কয়েকটি দোকানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এর প্রতিবাদে ইউনিয়ন বিএনপি সোমবার বিকেল চারটায় আমিশাপাড়া বাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়। পরে ছাত্রশিবিরের কর্মীদের হামলার প্রতিবাদে ছাত্রলীগও একই স্থানে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দেয়। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এ অবস্থায় সোনাইমুড়ী থানার পুলিশ দুই পক্ষের সঙ্গে কথা বলে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানায়। কিন্তু দুই পক্ষই কর্মসূচি পালনের ব্যাপারে অনড় থাকায় পুলিশ উপজেলা প্রশাসনের সহায়তা চায়। পরে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। সূত্র জানায়, ১৪৪ ধারা জারির পর বিএনপি ইউনিয়নের বাতুতিপাড়া এলাকায় প্রতিবাদ সমাবেশ করলেও ছাত্রলীগ কোনো কর্মসূচি পালন করেনি। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান বলেন, ‘রোববার শিবিরের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষ চলাকালে বিএনপির কর্মীদের দোকানে হামলা ও লুটপাট চালায় ছাত্রলীগ। এর প্রতিবাদে আমরা সমাবেশ আহ্বান করি। এ খবর পেয়ে ছাত্রলীগ পাল্টা কর্মসূচি দেয়। পরে আমরা বাজারের বাইরে বাতুতিপাড়া এলাকায় সমাবেশ করি।’ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খুরশিদ আলম বলেন, ‘শিবিরকর্মীদের হামলার প্রতিবাদে ছাত্রলীগই প্রথমে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়। কিন্তু বিএনপি ওই কর্মসূচি বানচাল করতে পাল্টা কর্মসূচি দেয়। এরপর প্রশাসন ১৪৪ ধারা জারি করলে আমরা কর্মসূচি স্থগিত করি।’সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আকরাম হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বাজারে পুলিশ মোতায়েন আছে। প্রসঙ্গত, রোববার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর উদ্বোধনী ক্লাসে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করার সময় ছাত্রলীগ ও শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বাজারে দুটি মোটরসাইকেল ও ৮-১০টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।