সোনাইমুড়ীর নান্দিয়াপাড়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প ১৪৪ ধারা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যকার সংঘর্ষের জের ধরে গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো সেখানে ১৪৪ ধারা বলবৎ ছিল। এ ছাড়া ওই বাজারে গতকাল একটি ‘অস্থায়ী পুলিশ ক্যাম্প’ স্থাপন করা হয়েছে।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, যেহেতু দীর্ঘ সময় পর্যন্ত নির্দিষ্ট সংখ্যক পুলিশ সদস্য বাজারে মোতায়েন থাকবে, একে অস্থায়ী ক্যাম্প হিসেবে ধরা যেতে পারে। তবে, পরিস্থিতি স্বাভাবিক হলেই তাঁদের প্রত্যাহার করে নেওয়া হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নান্দিয়াপাড়া বাজার ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই অস্থায়ী ক্যাম্পে আর্মড পুলিশের একজন উপপুলিশ পরিদর্শক, একজন হাবিলদারসহ ১৭ জন সদস্য সার্বক্ষণিক মোতায়েন থাকবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বাজারটি এবং আশপাশের এলাকার পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। তাই ১৪৪ ধারা বলবৎ এবং পুলিশ মোতায়েন রয়েছে।গত রবি ও মঙ্গলবার নান্দিয়াপাড়া বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাজারে দুই পক্ষের সমর্থকদের অন্তত পাঁচটি দোকানে অগ্নিসংযোগ, ১৫টি দোকানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন মঙ্গলবার বেলা একটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নান্দিয়াপাড়া বাজার ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করে।