সোনাইমুড়ীর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়ক বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এটি বর্তমানে যানবাহন চলাচলে অনেকটাই অনুপযোগী হয়ে পড়েছে। এর পরও প্রতিদিন ঝুঁকি নিয়ে অসংখ্য যানবাহন সড়কটি দিয়ে চলাচল করছে। স্থানীয় জনসাধারণ জরুরি ভিত্তিতে সড়কটি পুনর্নির্মাণ কিংবা সংস্কারের দাবি জানিয়েছে।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সোনাইমুড়ী কলেজগেট থেকে শুরু হওয়া এই সড়কটির প্রায় পুরো অংশজুড়েই রয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। উপজেলা সদর থেকে রুহুল আমিন নগর ও আমিশাপাড়া হয়ে সড়কটি চাটখিলের মুহুরীগঞ্জে গিয়ে শেষ হয়েছে। সোনাইমুড়ী অংশে সড়কটির দৈর্ঘ্য প্রায় আট কিলোমিটার। পুরো সড়কটিরই বর্তমানে একই অবস্থা।স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এই সড়কটির আগের নাম ছিল সোনাইমুড়ী মুহুরীগঞ্জ সড়ক। পরে এটির নামকরণ করা হয় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়ক। ছয়-সাত বছর আগে সড়কটি সর্বশেষ পাকা করা হয়। এরপর আর তেমন সংস্কার কিংবা রক্ষণাবেক্ষণ করা হয়নি। বাসিন্দারা জানায়, সড়কটি দিয়ে প্রতিদিন অর্ধশতাধিক মিনিবাস, পাঁচ শতাধিক অটোরিকশা, অসংখ্য ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণবিহীন থাকায় পাথর আর বিটুমিনের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গর্তের। এতে যানবাহন দূরের কথা, হাঁটাও দুরূহ হয়ে পড়েছে। নান্দিয়াপাড়া গ্রামের বাসিন্দা ছারওয়ার হোসেন প্রথম আলোকে জানান, নান্দিয়াপাড়া বাজার থেকে সড়কটি দিয়ে উপজেলা সদরে রিকশায় যেতে সময় লাগত সর্বোচ্চ ১৫ মিনিট। এখন সড়কের দুরবস্থার কারণে যেতে সময় লাগে পৌনে এক ঘণ্টা। তা ছাড়া ছোট-বড় অসংখ্য গর্তের কারণে যানবাহনের প্রচণ্ড ঝাঁকুনি যাত্রীদের অতিষ্ঠ করে তোলে।বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নগরের বাসিন্দা আবদুল খালেক বলেন, বীরশ্রেষ্ঠর নামে প্রতিষ্ঠিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে দূরদূরান্ত থেকে অনেক দর্শনার্থী প্রায়ই বিভিন্ন যানবাহনযোগে এই এলাকায় আসে। বেহাল সড়কের কারণে তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।উপজেলা প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, সড়কটির সোনাইমুড়ী অংশের দৈর্ঘ্য প্রায় আট কিলোমিটার। একসঙ্গে পুরোটা সংস্কার করার মতো অর্থ বরাদ্দ নেই। তবে কিছু অংশ সংস্কারের জন্য এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।