সোনাকাটায় গড়ে উঠছে ইকোপার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিগন্ত বিস্তৃত আকাশ। বেলাভূমিতে দাঁড়ালে, সামনে বঙ্গোপসাগরের নীল জলরাশি। পেছনে বিশাল ম্যানগ্রোভ বন। সাগরের লোনা জলের ঢেউ সফেদ ফেনা তুলে ভয় জাগানিয়া শব্দে আছড়ে পড়ছে তীরে। পাখির কিচিরমিচির শব্দ মনে করিয়ে দেয় নাগরিক যান্ত্রিকতা ফেলে এসেছি অনেক দূরে। নৈসর্গিক সৌন্দর্যে ভরা জায়গাটির নাম সোনাকাটা। বরগুনার ‘সাগরকন্যা’ আমতলী উপজেলার একেবারে দক্ষিণ প্রান্তের এ জায়গাটি শুধু অনুন্নত যোগাযোগ-ব্যবস্থার জন্য এত দিন ভ্রমণবিলাসী মানুষের অগোচরে ছিল। সোনাকাটার সৌন্দর্যকে আকর্ষণীয় ও উপভোগ্য করে তুলতে তথা সোনাকাটার উন্নয়নকল্পে বন ও পরিবেশ মন্ত্রণালয় প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দকৃত টাকায় সোনাকাটার গভীর বনে সড়ক যোগাযোগসহ নানা অবকাঠামো তৈরির পাশাপাশি গড়ে তোলা হবে একটি ইকোপার্ক। আমতলী থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরের ফকিরহাট বাজার। এটি একটি মৎস্য বন্দর। বাজারের পাশেই বন। ছোট্ট একটি খাল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে জঙ্গলময় দ্বীপ সোনাকাটাকে। সবুজে ঘেরা এই বিশাল ভূখণ্ডটি স্থানীয়দের কাছে ‘ফাতরার বন’ হিসেবে পরিচিত। তবে বন বিভাগের কাজগপত্রে এটি ‘টেংরাগিরী’ সংরক্ষিত বনাঞ্চল। কেওড়া, বাইন, গড়ান, সুন্দরি নানা জাতের গাছ আছে এই বনে। যার পরিধি নয় হাজার ৯৭৫ হেক্টর। টেংরাগিরি বনের পূর্বে কুয়াকাটা, পশ্চিমে সুন্দরবন আর হরিণবাড়িয়া বন, উত্তরে বিশাল রাখাইন পল্লি আর দক্ষিণে বঙ্গোপসাগর। সূর্যাস্তের সময় সোনাকাটার দৃশ্য পুরোটাই পাল্টে যায়। অস্তগামী সূর্যালোক সাগরের নীল জলরাশির সঙ্গে মিশে সাগরকে আরও নীল করে তোলে। কুয়াকাটার বাইরে দেশে একমাত্র সোনাকাটা থেকেই সূর্যোদয় ও সূর্যাস্ত দুই-ই উপভোগ করা যায়।পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় জানান, একসঙ্গে অনেকগুলো স্থানে ঘুরে বেড়ানোর সুযোগ শুধু এই সোনাকাটা এলেই মেলে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই বনে রয়েছে নানা জাতের গাছ-পালা। বন বিভাগও প্রচুর গাছ লাগিয়েছে। এই বনে দেখা মিলবে বনমোরগ, মদনটাক বকসহ বিভিন্ন প্রজাতির পাখি, বানর, শূকর, কাঠবিড়ালি, মেছোবাঘ, লাল কাঁকড়া আর সাপ। আমতলী উপজেলা পরিষদের উদ্যোগে দুই কোটি ৩১ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে ইতিমধ্যে সোনাকাটায় ইকোপার্ক তৈরির কাজ এগিয়ে চলছে। পর্যটকদের জন্য আগেই নির্মাণ করা হয়েছে একটি ডাকবাংলো। বনের ভেতরে পর্যটকদের যাতায়াতের জন্য দুটি সেতু (সকিনা ও সুদরিয়া খাল), দুই কিলোমিটার পাকা সড়ক, পুকুরে পাকা ঘাট, সাগরপারে জেটি, তিনটি শৌচাগার, বনের মধ্যে বিশ্রামাগার গড়ে তোলার কাজ দ্রুতগতিতে চলছে বলে আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মশিউর রহমান জানিয়েছেন। উপজেলা প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ‘স্থানীয় প্রকৌশল বিভাগের অধীনে আমতলী থেকে ফকিরহাট পর্যন্ত সড়ক উন্নয়নের কাজ দ্রুতগতিতে চলছে। আগামী শীত মৌসুমেই পর্যটকেরা সব সুযোগ-সুবিধা পাবেন।’