সোনাগাজী উপজেলা আ.লীগের সভাপতি ও সম্পাদক বহাল
ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের সোনাগাজী উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বপদে বহাল রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে ফেনী সার্কিট হাউসে এই সভা হয়। বৈঠক সূত্র জানায়, শুক্রবার বিকেলে ফেনী শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত কর্মিসমাবেশ শেষে কেন্দ্রীয় নেতারা জেলার সাংগঠনিক পরিস্থিতি জানা ও করণীয় সম্পর্কে সার্কিট হাউসে বর্ধিত সভায় বসেন। সভায় জেলার নেতা-কর্মীরা নানা সমস্যার কথা কেন্দ্রীয় নেতাদের নজরে আনার চেষ্টা করেন। বৈঠকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, চট্টগ্রাম বিভাগের দায়িত্বে নিয়োজিত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। একপর্যায়ে সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম জেলা নেতাদের বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাঁরা সোনাগাজী উপজেলার নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে বাদ দিয়ে অবৈধভাবে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেন।এ সময় সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন বলেন, ‘সংগঠনের কোনো নির্বাচিত কমিটি অথবা সভাপতি ও সম্পাদককে জেলা কমিটির বাদ দেওয়ার এখতিয়ার নেই।’ তিনি সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আনাম ও সাধারণ সম্পাদক সামছুল আরেফিনকে স্বপদে থেকে দায়িত্ব পালন করতে বলেন।গত মে মাসে ফেনী জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান এক চিঠিতে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আনাম ও সাধারণ সম্পাদক সামছুল আরেফিনকে বাদ দিয়ে সহসভাপতি এনামুল হককে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সম্পাদক দাউদুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।