সোনাগাজী উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এনামুল হাবীব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনপত্রে এ আদেশ দেওয়া হয়। গত ১৬ অক্টোবর সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে একটি ঋণদান অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যানকে আমন্ত্রণ না জানানোর কারণে তিনি প্রকাশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রায় দুই মাস (৫৪ দিন) পর সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এনামুল হাবীবের ৯ ডিসেম্বর স্বাক্ষরিত প্রজ্ঞাপনপত্রে জানানো হয় উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ১৩গ ধারা অনুযায়ী আনীত অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় একই আইনের ১৩খ ধারা অনুযায়ী সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা ২০১০-এর বিধি ১৫ অনুযায়ী উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্যানেল চেয়ারম্যান-১-কে উপজেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সোনাগাজী উপজেলা পরিষদের (ভাইস চেয়ারম্যান) প্যানেল চেয়ারম্যান-১ মোহামঞ্চদ হোসেন এক বছর আগে মারা গেছেন। বর্তমানে সেখানে একমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতা কর্মরত রয়েছেন। ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনামকে সাময়িকভাবে বরখাস্ত করার সত্যতা নিশ্চিত করেছেন।