সোনাগাজী ও ফুলগাজী উপজেলা আ.লীগের কাউন্সিল আজ
নয় বছর পর আজ বুধবার সকালে সোনাগাজী উপজেলা এবং বিকেলে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। উভয় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন।দলীয় সূত্র জানায়, ২০০৩ সালের ২ সেপ্টেম্বর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে গঠিত কমিটি গত নয় বছর বহাল থাকলেও নানা ধরনের মতপার্থক্যের কারণে সে কমিটি সাংগঠনিক কাজে তেমন কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা সভাপতি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তখন থেকে সংগঠনের অভ্যন্তরে বিরোধ আরও তীব্র হয়। উপজেলা কাউন্সিলের আগে পৌরসভা ও নয়টি ইউনিয়ন সমেঞ্চলন শেষ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন পর্যায়ের কয়েকজন নেতার অভিযোগ, বিভিন্ন ইউনিয়নে সন্ত্রাসীদের প্রভাবিত কমিটি পাস করা হয়েছে এবং পছন্দের কর্মীদের কাউন্সিলর করা হয়েছে।