সোনাগাজী ও রাঙ্গুনিয়ায় নিউমোনিয়ার প্রকোপ

ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়েছে।
গত ১০ দিনে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়ায় আক্রান্ত ১৪০ রোগী এসেছে। এদের মধ্যে বেশির ভাগই শিশু। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১৫ জন নিউমোনিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি ছিল।
এদিকে গতকাল বেলা একটা পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি ছিল ৬৫ জন। এর মধ্যে শিশুরোগী ছিল ৪৩ জন। যাদের ৩৪ জনই নিউমোনিয়ায় আক্রান্ত।
চিকিৎসকেরা বলেন, ঋতু পরিবর্তন, অসময়ে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে সোনাগাজীতে শিশুদের মধ্যে নিউমোনিয়া ও জ্বরের প্রকোপ বেড়েছে। এ ছাড়া বৃদ্ধ বয়সের বেশ কয়েকজন নারী-পুরুষও জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোনাগাজীতে হাসপাতালের রোগীর নিবন্ধন বইয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার সকাল থেকে গতকাল বিকেল পর্যন্ত নিউমোনিয়ায় আক্রান্ত ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১০ জনই শিশু।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাঈল হোসেন প্রথম আলোকে বলেন, গত ১০ দিনে নিউমোনিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রায় দেড় শ শিশু ও বৃদ্ধ ভর্তি হয়েছে। অর্ধশত রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন পালগিরি গ্রামের শিশু বিবি খতিজার মা মনোয়ারা বেগম বলেন, তাঁর দুই বছর বয়সী মেয়ে জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর দেরি না করে হাসপাতালে নিয়ে এসেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ও শিশু বিশেষজ্ঞ সাজেদুল করিম প্রথম আলোকে বলেন, শিশুদের মধ্যে নিউমোনিয়ার কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে ভর্তি করা জরুরি। ঋতু পরিবর্তনের সময়ে শিশুদের শুষ্ক, উষ্ণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় রাখার পরামর্শ দেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরুল আলম প্রথম আলোকে বলেন, হঠাৎ করে হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। হাসপাতালে ওষুধের সংকট না থাকলেও চিকিৎসক সংকট প্রকট। তিনিসহ চিকিৎসকের সংখ্যা মাত্র চারজন। তারপরও রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত সপ্তাহে নিউমোনিয়া রোগীর সংখ্যা ছিল এর অর্ধেক। গত এক সপ্তাহে প্রায় দ্বিগুণ হয়েছে নিউমোনিয়ার রোগী। হাসপাতালের রোগী নিবন্ধন খাতা থেকে এই তথ্য জানা গেছে।
হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মো. ইফতেখার উদ্দিন প্রথম আলোকে বলেন, হঠাৎ করেই শিশুদের মধ্যে শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। শয্যা-সংকট থাকায় অনেক রোগীকে মেঝেতে রেখেও চিকিৎসা দিতে হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রটি ৫০ শয্যার হলেও ৩০-৩২টি শয্যা ভালো আছে। বাকিগুলো ভাঙা-চোরা। গড়ে প্রতিদিন ৭০ জন রোগী হাসপাতালে ভর্তি থাকে বলে জানান তিনি।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোমিনুর রহমান প্রথম আলোকে বলেন, শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া হওয়ার কারণে হাসপাতালে রোগীর চাপ একটু বেশি। শয্যা-সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।