সোনাগাজীতে আ.লীগ-সাংসদ সমর্থক সংঘর্ষ আহত ২০
ফেনীর সোনাগাজীতে গত রাতে আওয়ামী লীগ ও স্থানীয় সতন্ত্র সাংসদ রহিম উল্যার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করেছে পুলিশ। সাংসদ রহিম উল্যার মালিকানাধীন বিপনীবিতানের ছাদ থেকে একটি শার্টারগান, গুলিসহ দুটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও আওয়ামী লীগ সূত্র জানায়, গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সোনাগাজী উপজেলা সদরের জিরো পয়েন্টে স্থানীয় সাংসদ রহিম উল্যার সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া হয়। ফাটানো হয় একাধিক ককটেল। এ সময় অন্তত গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে।
সোনাগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি শর্টগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ রহিম উল্যাহর মালিকানাধীন বিপণীবিতানের ছাদ থেকে একটি শার্টারগান উদ্ধার এবং সংঘর্ষের জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করে। আটক ব্যক্তিরা হচ্ছেন সামছুল হক (৩২), আলম (২৫), আলা উদ্দিন (২৪), ওমর ফার’ক (৩০), আবদুর রহিম ওরফে খোকন (৪৫), আমির হোসেন ওরফে আরিফ (৩৮), সুজন (২২), সবুজ (৩০), নুর ইসলাম ওরফে সেলিম (২১), নিজাম উদ্দিন (৩৭), আবদুল হালিম ওরফে সোহেল (৩৫), দীন মোহাম্মদ (৩৫)।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অভিযোগ করেন, রাত সাড়ে তিনটায় সাংসদ সমর্থকরা উপজেলার জিরো পয়েন্টে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়কে লক্ষ্য করে শর্টগান থেকে গুলি করে। এতে তাদের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে উপজেলা আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি র’হুল আমিন, পৌর আ.লীগ সভাপতি সেলিম পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান জহির’ল আলম, পৌর যুবলীগের আহ্বায়ক নাসির উদ্দিন ওরফে অপু, ছাত্রলীগের সাখাওয়াত হেসেন ওরফে মনি, যুবলীগের জুলহাস, ইব্রহিম, আকবর, রিপন, সজিব ও অনিকের নাম জানা গেছে। আহতদেরকে সোনাগাজী, ফেনীসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। যুবলীগ কর্মী সজিব ও অনিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তফা রাতে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জেনেছেন। তিনি জানান, এ ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। একটি শার্টারগান উদ্ধার করা হলেও সেটি সাংসদের লাইসেন্সকৃত।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি সোনাগাজী উপজেলার সদরের জিরো পয়েন্টে আওয়ামী লীগ ও স্থানীয় সাংসদ একই স্থানে সমাবেশ আহ্বান করে। এ নিয়ে গত শনিবার থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শনিবার সন্ধ্যায় সাংসদ রহিম উল্যাহ তার সমর্থকদের নিয়ে জিরো পয়েন্টে যায়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এগিয়ে যায়। এক পর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে গিয়ে তর্কবিতর্ক ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় সোনাগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেয়। কিন্তু দুই পক্ষই পাশাপাশি অনড় থাকে।
গত কিছুদিন থেকে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁঞা) আসনের সতন্ত্র সাংসদ রহিম উল্যার সাথে স্থানীয় বিভিন্ন ইস্যুতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরোধ চলে আসছিল।