সোনাগাজীতে আউশ চাষে প্রণোদনা
ফেনীর সোনাগাজীতে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা হিসেবে ১ হাজার ৩৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে বিনা মূল্যে সার, বীজ ও টাকা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে এই সার, বীজ এবং চেক বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রত্যেক কৃষককে বিনা মূল্যে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
এ ছাড়া উফশী জাতের আউশ চাষের জন্য ৯৭৫ জন কৃষককে ৫ কেজি বীজ এবং সেচ ও আগাছা বাছাইয়ের জন্য ৪০০ টাকার চেক, নেরিকা জাতের আউশ চাষের জন্য ৩৫৫ জন কৃষককে ১০ কেজি বীজ এবং সেচ ও আগাছা পরিষ্কারের জন্য ৮০০ টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিনহাজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফেনীর উপপরিচালক মো. খালেদ কামাল, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) জুনায়েত কাউসার।