সোনাগাজীতে ইউএনওর জিডি সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে
সোনাগাজীর মতিগঞ্জের সাব-রেজিস্ট্রার খায়রুল আনামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর উল্যাহ নুরী। গতকাল সোমবার বিকেলে তিনি এ জিডি করেন।ইউএনও অফিস সূত্র জানায়, আজ মঙ্গলবার সোনাগাজীর চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। কয়েক দিন ধরে বিভিন্ন কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাসহ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণ চলছিল। সাব-রেজিস্ট্রার খায়রুল আনামকে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণে আসার চিঠি পাঠানো হলেও তিনি চিঠি গ্রহণ করেননি এবং প্রশিক্ষণে আসেননি। এ বিষয়ে কথা বলতে গতকাল বিকেলে ইউএনও নুরী সাব-রেজিস্ট্রি অফিসে গেলে খায়রুল তাঁকে লাঞ্ছিত করেন বলে জিডিতে উল্লেখ করা হয়। ইউএনও বলেন, খায়রুল যে আচরণ করেছেন, তা ১৮৮ ধারায় ফৌজদারি অপরাধের শামিল। অন্যদিকে খায়রুল আনাম বলেন, তিনি এ দায়িত্ব পালনে বাধ্য নন।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশীদ আলম জিডির সত্যতা নিশ্চিত করেছেন।