সোনাগাজীতে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম চর সোনাপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে রফিকুল ইসলাম ওরফে কালা (৩৫) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত বুধবার রাতে রফিকুল ইসলাম এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাজুল ইসলাম (৫৫) নামের একজনকে কুড়াল দিয়ে কুপিয়ে এবং আরও কয়েক ব্যক্তিকে পিটিয়ে আহত করেন। পরে গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁকে ধাওয়া করেন। এ সময় রফিকুল পালিয়ে যান। গতকাল সকালে ক্ষুব্ধ স্থানীয় লোকজন রফিকুলকে একটি দোকান থেকে ধরে নিয়ে এলোপাতাড়ি পেটান। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে দুপুরে সোনাগাজী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে আমিরাবাদ ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা জহিরুল আলম অভিযোগ করেন, নিহত রফিকুল স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। বিএনপির সন্ত্রাসীরা তাঁকে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় রফিকুলের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে সোনাগাজী থানায় একটি হত্যা মামলা করেছেন।
সোনাগাজী থানার ওসি সুভাষ চন্দ্র পাল একজনকে পিটিয়ে হত্যার সত্যতা নিশ্চিত করেছেন।