সোনাগাজীতে ককটেল বিস্ফোরণে নিহত ১
ফেনীর সোনাগাজী উপজেলার মধ্যম আহম্মদপুর গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে একরামুল হক ওরফে দুলাল মিয়া (৬০) নামের একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন মো. শরিফ (২২) ও মো. মিজান (৩৫)।
গতকাল শুক্রবার রাত দুইটার দিকে উপজেলা নির্বাচনের মাত্র এক দিন আগে এ ঘটনা ঘটে। হতাহত সবাই স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী বলে জানা গেছে।
কাল রোববার সোনাগাজী উপজেলা নির্বাচন হবে। নির্বাচনকে কেন্দ্র করেই ককটেল তৈরি করা হতে পারে বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, গতকাল রাতে আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহম্মদপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরে বসে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা ককটেল তৈরি করছিলেন। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটলে তিনজন আহত হন। আহত তিনজনকে দ্রুত ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক একরামুল হককে মৃত ঘোষণা করেন। পরে শরিফ ও মিজানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জহিরুল আলম দাবি করেন, হতাহত ব্যক্তিরা স্থানীয় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বোমা হামলার শিকার হয়েছেন।
পুলিশ সুপার (এসপি) পরিতোষ ঘোষ জানান, একরামুল হকের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।