সোনাগাজীতে ঘর থেকে হাত-পা বাঁধা বৃদ্ধার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চর চান্দিয়ায় ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছালেহা বেগম (৬০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। একইভাবে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় পুত্রবধূ মনোয়ারা বেগমকে (২৮) পাওয়া যায়।পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার উত্তর চর চান্দিয়া গ্রামের মোল্লাবাড়ীর আবদুল কুদ্দুস ও তাঁর ছেলে নজরুল ইসলাম ময়মনসিংহে চাকরি করেন। কুদ্দুসের স্ত্রী ছালেহা, ছেলের স্ত্রী মনোয়ারা এবং তাঁদের দুই শিশুসন্তান নিয়ে বাড়িতে বসবাস করতেন। গতকাল সকালে ঘরের দরজা খোলা ও দুই শিশুসন্তানের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। ঘরে ঢুকে তাঁরা বৃদ্ধার লাশ ও পুত্রবধূকে অচেতন অবস্থায় দেখতে পান। বিষয়টি তাঁরা সোনাগাজী থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুত্রবধূকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশিদ আলম জানান, বৃদ্ধা ছালেহাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। বিষয়টি ছালেহার স্বামী ও ছেলেকে জানানো হয়েছে। তাঁরা বাড়িতে আসার পর মামলা হবে। পারিবারিক বিরোধ আছে কি না বা এমন কোনো কারণে তাঁকে হত্যা করা হয়েছে কি না তদন্ত করে দেখা হচ্ছে। গৃহবধূর জ্ঞান ফিরে এলে বিষয়টি বোঝা যাবে।