সোনাগাজীতে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জামের অভাব
ফেনীর সোনাগাজীর সমুদ্র উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের দৃঢ় মনোবল থাকলেও প্রয়োজনীয় সরঞ্জামের অভাব দেখা দিয়েছে। তা ছাড়া উপকূলের হাজারো মানুষের বিপদের সময় মাথা গোঁজার জন্য প্রয়োজনীয়সংখ্যক আশ্রয়কেন্দ্র নেই।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ উপকূলে আঘাত হানতে পারে এমন সংবাদ শোনার পর থেকে ফেনী জেলা প্রশাসক ও সোনাগাজী উপজেলা প্রশাসন এবং স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন।
গতকাল সোমবার সকালে ফেনী জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়। পরিস্থিতি মোকাবিলায় আগাম কিছু খয়রাতি সাহায্যও বরাদ্দ করা হয়েছে।
উপকূলীয় চরচাদিয়া, সোনাগাজী সদর, চরদরবেশ ও আমিরাবাদ ইউনিয়নে ৪৮টি আশ্রয়কেন্দ্রের মধ্যে গত কয়েক বছরে নদীভাঙনে তিনটি আশ্রয়কেন্দ্র নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ২২টি আশ্রয়কেন্দ্র ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ। অবশিষ্ট ২৩টি আশ্রয়কেন্দ্রে সরঞ্জাম প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য।
নাম প্রকাশ না করে চরখন্দকার গ্রাম ইউনিটের একজন কর্মী জানান, পাঁচজন নারীসহ ১৫ জনের প্রতিটি ইউনিটে সাইকেল, হ্যান্ডমাইক, সাইরেন, রেডিও, টর্চলাইট, সংকেত প্রদানের পতাকা, রেইনকোট, হেলমেট, গামবুট, ফাস্ট এইড বক্স ও উদ্ধারসামগ্রী দেওয়া হয়। কিন্তু ২০০৮ সাল থেকে তাঁদের আর কোনো সরঞ্জাম সরবরাহ করা হয়নি। এ ছাড়া সোনাগাজী রেড ক্রিসেন্ট কার্যালয়েও জনবলের সংকট রয়েছে। সেখানে একটি কর্মকর্তা ও তিনটি কর্মচারীর পদ থাকলেও গুরুত্বপূর্ণ বেতারবার্তা অপারেটরের শূন্য পদে অস্থায়ীভাবে একজন কাজ করছেন ১২ বছর, ছয় বছর ধরে নৈশ প্রহরী নেই।
আবহাওয়ার তথ্য আদান-প্রদানের রেডিও স্টেশনটি সনাতন। বর্তমানে উপকূলের চারটি ইউনিয়নের দেড় লাখেরও বেশি মানুষকে ঘূর্ণিঝড়ের বিপৎসংকেত পতাকা উড়িয়ে, মোবাইল ফোনে, মসজিদের মাইকে ও পায়ে হেঁটে জানান দেওয়া হয়।