সোনাগাজীতে ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে যুবলীগের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলায় গতকাল বুধবার নাসির উদ্দিন (২৬) নামের ছাত্রলীগের এক কর্মীকে যুবলীগের কর্মীরা গুলি করে ও কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে নাসির-সমর্থকেরা উপজেলা সদরে বেশ কটি দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। এ সময় বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর দুইটার দিকে পৌর ছাত্রলীগের সদস্য নাসির উদ্দিন ও অপর ছাত্রলীগ কর্মী জহিরুল ইসলাম মোটরসাইকেলযোগে চর চান্দিয়া ইউনিয়নের ওলমা বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মোশারফ হোসেনের বোনের বিয়েতে যাচ্ছিলেন। তাঁরা ফকিরবাড়ীর দরজা নামক এলাকায় পৌঁছার সঙ্গে সঙ্গে সেখানে ওত পেতে থাকা যুবলীগের কর্মী বাবুলের নেতৃত্বে সাত-আটজন যুবক তাঁদের গতিরোধ করে এবং মোটরসাইকেল থেকে নাসিরকে টেনেহিঁচড়ে নামিয়ে গুলি করে। গুলি তাঁর বাঁ হাতে লাগে। এরপর তারা নাসিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। জহিরুল বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়। স্থানীয় লোকজন নাসিরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ছাত্রলীগের কর্মী নাসিরকে গুলি ও কুপিয়ে আহত করার প্রতিবাদে তাঁর সমর্থকেরা উপজেলা সদরের কেন্দ্রস্থল মানিক প্লাজা, সাহজাহান কমপ্লেক্স, অনিক ট্রেডার্স, মদিনা ক্রোকারিজ, মধুমেলাসহ বেশ কটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানে হামলা ভাঙচুর চালায়। সোনাগাজী পৌর ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন বলেন, হামলাকারীরা যুবলীগের কেউ নয়, তারা সন্ত্রাসী। সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আরেফিন জানান, বিষয়টিকে দলীয় কোন্দল হিসেবে দেখা ঠিক হবে না। এটি একটি সন্ত্রাসী ঘটনা। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।