ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলমের ওপর হামলার ঘটনায় তাঁর স্ত্রী সাজনীন আক্তার বাদী হয়ে গতকাল শুক্রবার ৩২ জন ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে সোনাগাজী থানায় একটি মামলা দায়ের করেছেন। গত সোমবার রাতে একদল সন্ত্রাসী খুরশিদ আলমের ওপর হামলা ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের ডাকে গত মঙ্গলবার সোনাগাজীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়।পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত সোমবার সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম উপজেলার ছাড়াইতকান্দি গ্রামে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান যোগদান করেন। অনুষ্ঠান শেষে সোনাগাজী ফেরার পথে ভৈরব চৌধুরী বাজারের পাশে মল্লিক বাড়ির সামনে ওত পেতে থাকা ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা করে তাঁকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে এবং মারা গেছে মনে করে সেখানে ফেলে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। মামলার এজাহারে ১২ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত পরিচয় দেখিয়ে মোট ৩২ জনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে সোনাগাজী পৌর ছাত্রলীগের নয় নম্বর ওয়ার্ডের সভাপতি শাখাওয়াত হোসেন ওরফে মনি (২৭), সহসভাপতি রিয়াদ ভূঞা (২৮), আট নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক শেখ ফারুক (২৭), ছাত্রলীগ ও যুবলীগ কর্মী মো. ইব্রাহিম (২৫), আবদুল হালিম (২৮), মো. হেলাল (৩২), মো. দুলাল ওরফে বাটা দুলাল (৩৫), মো. মাসুদ (৩৮), মো. শাহীন (২৬), মো. মাহবুব (২৫), শাহ আলম (২৯) ও বিদ্যুৎ চন্দ্র দাসের নাম উল্লেখ করা হয়েছে। সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র বড়ুয়াকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।উল্লেখ্য, যুবদলের সম্পাদক খুরশিদ আলমের ওপর হামলার প্রতিবাদে গত মঙ্গলবার সোনাগাজীতে আহূত হরতালের সময় এসআই স্বপন চন্দ্র বড়ুয়াসহ তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ আহতের ঘটনায় যুবদল-ছাত্রদলের ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীও এসআই স্বপন চন্দ্র বড়ুয়া।