সোনাগাজীতে ঝড়ে ২৫ কোটি টাকার ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ এপ্রিলের কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ফেনীর সোনাগাজী উপজেলায় সবজি, ঘরবাড়ি ও গাছপালা ভেঙে অন্তত ২৫ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। গত কয়েক দিনে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ পৃথক জরিপ করে ক্ষয়ক্ষতির এ তথ্য পেয়েছে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, ৫ এপ্রিলের আকস্মিক কালবৈশাখী ও শিলাবৃষ্টির কারণে উপজেলার নয়টি ইউনিয়ন ও সোনাগাজী পৌরসভা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব এলাকার ৮৬৬টি ঘরবাড়ি সম্পূর্ণভাবে এবং ১ হাজার ১০২টি কাঁচা ও আধা পাকা বাড়িঘর আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে সোনাগাজী পৌরসভা এলাকার ১০০টি, চরমজলিশপুর ইউনিয়নের ১৭০টি, বগাদানা ইউনিয়নের ২৫৭টি, মঙ্গলকান্দি ইউনিয়নের ৬০টি, মতিগঞ্জ ইউনিয়নের ৪৩৪টি, চরদরবেশ ইউনিয়নের ১১৭টি, চরচান্দিয়া ইউনিয়নের ৫৫টি, সোনাগাজী সদর ইউনিয়নের ৭০০টি, আমিরাবাদ ইউনিয়নের ৫৫টি এবং নবাবপুর ইউনিয়নের ২০টি। এতে প্রায় ২৩ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিনহাজুর রহমান প্রথম আলোকে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের একটা তালিকা তৈরি করেছে উপজেলা প্রশাসন। তালিকাটি জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জেলা প্রশাসন এরই মধ্যে কিছু টিন বরাদ্দ দিয়েছে। একেবারে অসহায় পরিবারগুলোর মধ্যে শিগগিরই তা বিতরণ করা হবে।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ওই কালবৈশাখীতে সোনাগাজীতে কৃষি খাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে রবিশস্যের খেত মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে সোনাগাজীর ১ হাজার ৪৩৫ জন কৃষকের ৩১৫ হেক্টর জমির মরিচ, শাকসবজি, আখ, ডাল, বাদামসহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। টাকার অঙ্কে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ৬ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এবং কৃষক ও বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাদের (ব্লক সুপারভাইজার) সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার জন্য তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন তাঁরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় বলছে, ঝড়ের পর তাৎক্ষণিক সহায়তা হিসেবে সোনাগাজীর দরিদ্র ১৮৫টি পরিবারের মধ্যে প্রশাসন চাল, চিড়া ও মুড়ি বিতরণ করেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে বরাদ্দ এলে সহায়তা কার্যক্রম চালানো হবে।