সোনাগাজীতে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গত মঙ্গলবার রাতে ডাকাত সন্দেহে সফিকুর রহমান (৫০) নামে একজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সফিকুর রহমানের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে সোনাগাজী থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ এজাহারনামীয় পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন ইউপি সদস্য মো. নাসির উদ্দিন (৩২), টিটু (৪২), পিয়াস (২৫), রতন (৩২) ও ফরহাদ (২৫)।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোনাগাজী উপজেলার উত্তর চর মজলিশপুর গ্রামে গত মঙ্গলবার রাত ১০টার দিকে মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পিয়াস, রিয়াদ, মজিদ, ফারুক, ফরহাদ, টিটু, রতনসহ ১৫-২০ জন ওই গ্রামের সফিকুর রহমান নামে একজনকে ডাকাত সন্দেহে বাড়ি থেকে ধরে নিয়ে যান।

এ সময় গ্রামের মসজিদ থেকে ডাকাত ধরা পড়ার কথা মাইকে প্রচার করা হলে আরও লোকজন জড়ো হন। তাঁরা সফিকুর রহমানকে তাঁর বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একই গ্রামের আলা উদ্দিনের চা দোকানের সামনে নিয়ে যান এবং বাঁশের সঙ্গে বেঁধে গণপিটুনি শুরু করেন।

একপর্যায়ে তিনি সম্পূর্ণ অচেতন হয়ে পড়েন। রাত একটার দিকে তাঁকে পাশের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সফিকুর রহমানের স্ত্রী জানান, গত মঙ্গলবার রাত ১০টায় তাঁর স্বামী ঘরের মধ্যে ভাত খেতে বসেন। এ সময় নাসির উদ্দিনসহ অন্যরা তাঁকে জোর করে ঘর থেকে ধরে নিয়ে যান। মারধরের একপর্যায়ে নাসির উদ্দিনের হাতেপায়ে ধরে কান্নাকাটি করা হলেও তাঁরা সফিককে ছাড়েননি।