সোনাগাজীতে ডাকাত সন্দেহে গণপিটুনি একজন নিহত
ফেনীর সোনাগাজী উপজেলার চর সাহাভিখারী গ্রামে গত বৃহস্পতিবার রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। পরে আহত দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। নিহত ব্যক্তির নাম আজাদ (৩৫)। তাঁর বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর গ্রামে। কিন্তু তিনি সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়নের চান মিয়ার দোকান এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। আহত ব্যক্তিরা হলেন: নুরুল আলম (৩২) ও সেলিম (৩৫)। তাঁদের বাড়ি ফেনীর দাগনভূঞায়। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একদল ডাকাত বৃহস্পতিবার রাতে চর সাহাভিখারী গ্রামের কাজিরহাট স্লুইসগেটসংলগ্ন এক বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভাঙার সময় বাড়ির লোকজন টের পেয়ে মুঠোফোনে আশপাশের লোকজন জানিয়ে দেয়। পরে এ খবর স্থানীয় মসজিদের মাইকে প্রচার করা হলে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে ওই ডাকাতদের ঘেরাও করে। একপর্যায়ে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে পিটুনি দেয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় হত্যা মামলা ও ডাকাতিচেষ্টার মামলা হয়েছে।