সোনাগাজীতে ডাকাতি, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামের ইব্রাহীম স্বর্ণকারের বাড়িতে গত শুক্রবার গভীর রাতে ডাকাতি সংগঠিত হয়। ডাকাতেরা স্বর্ণালংকার ও টাকাসহ আট লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় গৃহমালিকের ছেলে মো. সাইফুল ইসলাম (৩০) গুরুতর আহত হন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার গভীর রাতে ১৫-২০ জনের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত মির্জাপুর গ্রামের ইব্রাহীম স্বর্ণকারের বাড়িতে হানা দেয়।

ডাকাতেরা কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে এবং হাত-পা বেঁধে একটি কক্ষে আটক করে রাখে। তারপর আলমিরা ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করা হলে তারা গৃহমালিকের ছেলে মো. সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

গৃহমালিক দাবি করেন, ডাকাতেরা ঘর থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, পাঁচ হাজার টাকা, মুঠোফোন ও অন্যান্য মূল্যবান মালামালসহ প্রায় আট লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

খবর পেয়ে ওই রাতেই সোনাগাজী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অন্যদিকে ফেনী শহরের ট্রাংক রোডের লতিফ টাওয়ারের পেছনে বসে ডাকাতির প্রস্তুতিকালে গত শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে।