সোনাগাজীতে ডাকাতি আহত ৩, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি গ্রামের এক বাড়িতে গত বুধবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হাতে এক বৃদ্ধাসহ তিনজন আহত হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল বৃস্পতিবার দুজনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দিবাগত রাতে ১৫-১৬ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত ছাড়াইতকান্দি গ্রামের আশরাফ মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে অস্ত্র দেখিয়ে সবাইকে জিমিঞ্চ করার চেষ্টা করে। এ সময় আছিয়া খাতুন (৯৪) ও তাঁর ছেলের বউ জহুরা বেগম (৪৫), নাতনি তাহমিনা মাহমুদ (২২) চিৎকার করেন। এতে ডাকাতেরা ক্ষিপ্ত হয়ে তাদের বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করে। ওই সময় ঘরে কোনো পুরুষ মানুষ ছিলেন না। ডাকাতেরা ঘরের আলমারি ভেঙে কিছু নগদ টাকা, প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, মুঠোফোন সেটসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে চলে যায়। আহত ব্যক্তিদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে এরশাদ উল্লা (২৭) ও মো. মানিক (২৫) নামের দুজনকে আটক করে। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।