সোনাগাজীতে ডাকাতি মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের লন্ডনিপাড়ার একটি বাড়িতে গত বুধবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় তিনজন আহত হয়। ডাকাতেরা স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে ওই পরিবার দাবি করে। পুলিশ এবং ওই পরিবারের লোকজনের ভাষ্যমতে, বুধবার গভীর রাতে ১৫-২০ জনের একটি ডাকাতদল লন্ডনিপাড়ায় নূর আলমের বাড়িতে হানা দেয়। তারা ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের লোকজনের হাত-পা বেঁধে ফেলে। এ সময় তাঁরা চিৎকার করলে ডাকাতেরা নূর আলমের দুই মেয়ে শিউলী বেগম (১৫) ও রুনাকে (১২) মারধর করে। এ ছাড়া গৃহকর্ত্রী আনোয়ারা বেগমের কান থেকে কানপাশা ছিঁড়ে নেওয়ার সময় তাঁর ডান কানের লতি ছিঁড়ে যায়। পরে তাঁকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং দুই মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।গৃহকর্তা নূর আলম দাবি করেন, ডাকাতেরা তিন ভরি স্বর্ণালংকার, কিছু নগদ টাকা, মুঠোফোন সেটসহ প্রায় দুই লাখ টাকার মালমাল লুট করে নিয়ে গেছে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, তিনি ডাকাতির ঘটনা শুনেছেন। তাদের থানায় অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।