সোনাগাজীতে তিন বাড়িতে ডাকাতি
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর ও মজুপুর গ্রামে গত বুধবার রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুলতানপুর গ্রামের আবুল হাসেমের ছেলে সুমন বুধবার রাত ১২টার দিকে বাড়িতে প্রবেশের সময় ওত পেতে থাকা ১০-১২ জনের একটি ডাকাত দল ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তারা এক লাখ ১০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেটসহ মূল্যবান জিনিস লুট করে। এ সময় বাধা দিতে গেলে ডাকাতেরা সুমনকে কুপিয়ে আহত করে। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরে ওই ডাকাত দল একই গ্রামের খাজা আহম্মদের বাড়িতে হানা দেয়। তারা একই কায়দায় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে চার ভরি স্বর্ণালংকার, নগদ ১৮ হাজার টাকা ও মোবাইল ফোনসেটসহ অন্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়। একই রাতে মজুপুর গ্রামের ফেলা কাজীর বাড়ির সবাইকে জিম্মি করে ২৬ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে।খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশের দুটি টহল দল রাতে ডাকাতি হওয়া বাড়িগুলো পরিদর্শন করে। ফেনীর পুলিশ সুপার (এসপি) পরিতোষ ঘোষ বলেন, ডাকাতির কথা তিনি শুনেছেন। তবে কেউ মামলা করেনি। তার পরও তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।