সোনাগাজীতে দলীয় নেতা-কর্মীদের হামলায় বিএনপির সভা পণ্ড
ফেনীর সোনাগাজীতে গতকাল শনিবার দলীয় নেতা-কর্মীদের হামলায় উপজেলা বিএনপির সভা পণ্ড হয়ে গেছে। এ সময় দুই নেতা আহত হয়েছেন।দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে উপজেলা বিএনপির কার্যকরী কমিটির এক সভা কলেজ রোডে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে শুরু হয়। সভা শুরুর কিছুক্ষণ পর সোনাগাজী পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক, উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আলম ভূঞা, যুবদলের নেতা খুরশিদ আলম, দাউদুল ইসলাম ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমানের নেতৃত্বে প্রায় শ খানেক নেতা-কর্মী স্লোগান দিতে দিতে সভাস্থলে উপস্থিত হন। সেখানে তাঁরা উপজেলা কমিটির সভায় তাঁদের কেন দাওয়াত দেওয়া হয়নি তার কারণ জানতে চান। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় পৌর বিএনপির সহ-সম্পাদক জিয়াউর রহমান এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক ছেরাজুল হক আহত হন। এতে সভা পণ্ড হয়ে যায়। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সভা পণ্ডের পর হামলাকারীরা আবার সংগঠিত হয়ে কলেজ রোডে পথসভা করে এবং আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ৪ নম্বর মতিগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে জসিম উদ্দিন ও ২ নম্বর বগাদানা ইউনিয়নে মো. সেলিমকে যুবদলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করে।এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রথম আলোকে জানান, জেলা বিএনপির নির্দেশক্রমে গতকাল উপজেলা বিএনপির কার্যকরী কমিটির সভা আহ্বান করা হয়। এতে আসন্ন ইউপি নির্বাচন সম্পর্কে আলোচনার বিষয় থাকলেও প্রার্থী বাছাই বা মনোনয়নের কোনো বিষয় ছিল না। এ ছাড়া যাঁরা কমিটির সদস্য নন, তাঁদের সভায় ডাকার কোনো কারণও ছিল না। পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক বলেন, উপজেলা বিএনপির কমিটির সভার নামে তাঁদের ফাঁকি দিয়ে গোপনে আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়ার চক্রান্ত হচ্ছিল। তাঁদের সে চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, সংঘর্ষের খবর শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।