ফেনীর সোনাগাজী উপজেলায় দাখিল নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন ও বিক্ষোভ মিছিল করেছে। এ ঘটনায় উপজেলার ১৭টি দাখিল মাদ্রাসায় দাখিল নির্বাচনী পরীক্ষা বাতিল করা হয়েছে।শিক্ষার্থী ও শিক্ষকেরা জানান, উপজেলায় দাখিল নির্বাচনী পরীক্ষা শুরু হওয়ার পর থেকে প্রশ্নপত্র ফাঁসের কথা শোনা যাচ্ছিল। কিন্তু প্রথমে তাঁরা সেটা বিশ্বাস করেননি। গতকাল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসাসহ কয়েকটি মাদ্রাসার পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র হাতে পেয়ে যায়। পরে পরীক্ষার হলে গিয়ে তারা হুবহু একই প্রশ্ন দেখতে পায়। এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করে।সোনাগাজী উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, সোনাগাজীর ১৭টি দাখিল মাদ্রাসায় শিক্ষক সমিতির প্রশ্নপত্রে একযোগে পরীক্ষা চলছিল। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় মাদ্রাসা শিক্ষক সমিতি আগে অনুষ্ঠিত ও পরে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। পরে নতুন প্রশ্নপত্রের মাধ্যমে আবারও নির্বাচনী পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।