সোনাগাজীতে দিনদুপুরে তিন বাসায় দুর্ধর্ষ চুরি
ফেনীর সোনাগাজীতে গতকাল মঙ্গলবার দুপুরে এক ঘণ্টার মধ্যে তিনটি বাসায় দুর্বৃত্তরা হানা দিয়ে তালা ভেঙে এক লাখ টাকা ও ৫৮ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রের ভাষ্যমতে, চুরি হওয়া সমুদয় মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা সদরের সরকারি কলোনিতে সোনাগাজী সরকারি কলেজের উপাধ্যক্ষ আজিজুল হকের বাসায় দুর্বৃত্তরা তালা ভেঙে ঘরে ঢুকে ১২ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। উপাধ্যক্ষ তখন কলেজে এইচএসসি পরীক্ষার দায়িত্বে ছিলেন এবং তাঁর স্ত্রী রহিমুন নেছা সোনাগাজী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতার কাজে ছিলেন। তাঁদের ছেলে তখন স্কুলে ছিল। দুর্বৃত্তরা একই ভবনে বসবাসরত উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারী জাকির আহম্মদের বাসা থেকে ২৫ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। জাকির আহম্মদ তখন অফিসে এবং তাঁর স্ত্রী ছেলেকে স্কুল থেকে আনতে যান। এর অল্প কিছু সময় পর সোনাগাজী থানার অদূরে এতিমখানা ভবনের তৃতীয় তলায় স্বর্ণ ব্যবসায়ী নূপুর শ্যামের বাসার তালা ভেঙে দুর্বৃত্তরা ৭৫ হাজার টাকা ও ৪২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।