সোনাগাজীতে দুই দল জলদস্যুর মধ্যে বন্দুকযুদ্ধ আহত ৮
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভূঞার হাটের পাশে চৌরাস্তা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রোববার রাতে দুই দল জলদস্যুর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে দুজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যু কালাম বাহিনীর সঙ্গে জলদস্যু আফছার বাহিনীর বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। জলদস্যু সর্দার সন্দিপী মানিক বছর খানেক আগে প্রতিপক্ষের হাতে নিহত হলে ওই বাহিনীকে পুনরায় সংগঠিত করেন তাঁর ভাগনে কালাম। অপর দিকে জলদস্যু মিন্টু বাহিনীর প্রধান কয়েক মাস আগে র্যাবের সঙ্গে ক্রসফায়ারে নিহত হলে তাঁর বাহিনীর সদস্যদের সংগঠিত করেন আফছার। নাম প্রকাশ না করে কয়েকজন এলাকাবাসী জানান, বর্তমানে সোনাগাজীর চর চান্দিয়া ও চর দরবেশ ইউনিয়নের চরাঞ্চলে জলদস্যুদের বিভিন্ন বাহিনী সক্রিয় হয়ে উঠেছে। এরা এলাকায় কালাম বাহিনী ও আফছার বাহিনী হিসেবে পরিচিত। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে এলাকার আধিপত্য নিয়ে কালাম বাহিনী ও আফছার বাহিনীর মধ্যে চরচান্দিয়া ইউনিয়নের ভূঞার হাটের পাশে চৌরাস্তা এলাকায় বন্দুকযুদ্ধ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে অন্তত ৩০-৩৫টি গুলিবিনিময় এবং বেশ কিছু ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে কালাম বাহিনীর সদস্য আবদুল হালিম (২৮) ও আফছার বাহিনীর সদস্য মো. হাসান (৩২) গুলিবিদ্ধ হন। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল বলেন, আধিপত্য বিস্তার নিয়ে জলদস্যুদের বন্দুকযুদ্ধ সম্পর্কে তিনি কিছুই জানেন না।