সোনাগাজীতে দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে সোমবার ও মঙ্গলবার রাতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে সোনাগাজীর চান্দিয়া ইউনিয়নের মহেষচর গ্রামের মামুন মিয়ার বাড়িতে ১২-১৪ জন সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। মামুন মিয়া বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতেরা তাঁকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে ডাকাতেরা আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। মামুন মিয়াকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মামুন মিয়ার দাবি, ডাকাতেরা টাকা, স্বর্ণালংকারসহ কমপক্ষে দুই লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।
অন্যদিকে সোমবার রাতে একই ইউনিয়নের চর চান্দিয়া ইউনিয়নের উত্তর চর চান্দিয়া গ্রামের হীরা লাল দাসের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। পরে ডাকাতেরা বাড়ির সবাইকে বেঁধে রেখে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতেরা হীরা লাল দাসকে পিটিয়ে আহত করে। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
হীরা লাল দাসের দাবি, ডাকাতেরা ২৫ হাজার টাকা এবং আড়াই ভরি স্বর্ণালংকারসহ কমপক্ষে দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল বলেন, পুলিশ ওই দুই বাড়ি পরিদর্শন করেছে।