সোনাগাজীতে দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গত বৃহস্পতিবার রাতে পাশাপাশি দুই গ্রামের দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার গভীর রাতে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামের সৌদি প্রবাসী আবুল কালামের বাড়িতে ১৫-১৬ জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের কলাপসিবল গেট কেটে ভেতরে ঢুকে ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে। ডাকাতেরা আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
প্রবাসী আবুল কালাম জানায়, ডাকাতেরা ঘর থেকে নগদ এক হাজার সৌদি রিয়েল, ৩৫ হাজার টাকা, সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার, পাসপোর্ট, টিকিট, ভিসা ও মূল্যবান জিনিসপত্রসহ সাড়ে চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। একই রাতে মুখোশ পরা অস্ত্রধারী ডাকাতেরা পাশের মধ্যম সুলতানপুর গ্রামের ওমান প্রবাসী দেলোয়ার হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ঘরের কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে এবং অস্ত্রের মুখে সবাইকে জিমিঞ্চ করে হাত-পা বেঁধে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
গৃহকর্ত্রী লায়লা বেগম জানান, ডাকাতেরা তাঁদের ঘরে থাকা নগদ ১০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সোনাগাজী থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এবং স্থানীয় নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাকাতি হওয়া দুটি বাড়ি পরিদর্শন করেছেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলার প্রস্তুতি চলছে।