ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিখারী গ্রামে মঙ্গলবার রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা দুই বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত আনুমানিক একটা থেকে দুইটা ৩০ মিনিট সময়ের মধ্যে সোনাগাজী উপজেলার দরবেশ ইউনিয়নের চরসাহাভিখারী গ্রামে সৌদি-প্রবাসী নুরুল হকের বাড়িতে ১৫-২০ জনের একদল মুখোশপরা সশস্ত্র ডাকাত দল হানা দেয়। তারা বাড়ির কলাপসিবল গেট ও ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আটক করে রাখে। ডাকাতদের দাবি মতো আলমারির চাবি দিতে না চাইলে ডাকাতেরা নুরুল হকের স্ত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। ডাকাতেরা ওই বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। নুরুল হকের স্ত্রীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।একই রাতে একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে সৌদি-প্রবাসী কামাল উদ্দিনের ঘরের দরজা ভেঙে ডাকাতেরা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোনাগাজী থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) মির্জা মো. হাসান জানান, এ ঘটনায় জসিম উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।