সোনাগাজীতে দুর্বৃত্তদের হুমকিতে বিদ্যালয়ে পাঠদান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার মানুমিয়ার হাট এলাকায় হাজী রহিম উল্লাহ উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা নিরাপত্তাহীনতার কারণে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ে যাননি। শিক্ষার্থীরা বিদ্যালয়ে গেলেও ক্লাস না হওয়ায় বাড়ি ফিরে যায়। দুর্বৃত্তরা এখনো শিক্ষকদের হুমকি দিচ্ছে। বিদ্যালয় পরিচালনার অস্থায়ী (অ্যাডহক) কমিটিতে দুই ব্যক্তিকে না রাখায় গত বুধবার স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত শিক্ষকদের লাঞ্ছিত ও শিক্ষার্থীদের মারধর করে। গতকাল সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকরচন্দ্র সাহা এবং দুজন সহকারী শিক্ষক শ্যামলচন্দ্র দে ও মহিউদ্দিন ইউএনও মো. নুরুল্লাহ নূরীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করে নিরাপত্তাহীনতার কারণে বিদ্যালয়ে না যাওয়ার কথা জানান। এ সময় স্থানীয় আমিরাবার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও যুবলীগের নেতা জহিরুল আলম সেখানে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আগামী রোববার সকালে ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে বলে তাঁদের আশ্বাস দেন। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, স্থানীয় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোশারফ হোসেন ও যুবলীগের কর্মী মেজবাহ উদ্দিন তাদের রহিম উল্লাহ উচ্চবিদ্যালয় পরিচালনার অ্যাডহক কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য কয়েক দিন ধরে চাপ দিয়ে আসছিলেন। কিন্তু প্রধান শিক্ষক তাঁদের নাম কমিটিতে অন্তর্ভুক্ত করেননি। ফলে তাঁরা ক্ষিপ্ত হয়ে চার-পাঁচ দিন ধরে প্রধান শিক্ষককে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এতেও কাজ না হওয়ায় গত বুধবার বেলা ১১টায় মোশারফ ও মেজবাহ বিদ্যালয় গিয়ে প্রধান শিক্ষক শংকরচন্দ্র সাহা ও জ্যেষ্ঠ শিক্ষক আবুল বাশারকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় শিক্ষার্থীরা ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। দুপুর দেড়টায় তারা লাঠিসোঁটা নিয়ে দলবলসহ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের মারধর করেন। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে ছুটে যান ইউএনও ও থানার ওসি। তাঁরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে বিষয়টি সার্বিকভাবে অবহিত হন। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকরচন্দ্র সাহা ঘটনার জন্য মোশারফ হোসেন, মেজবাহ উদ্দিন, আবদুল আজিজ, মো. এমরানসহ চারজনের বিরুদ্ধে সোনাগাজী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু সেটি পুলিশ গতকাল বিকেল পর্যন্ত এজাহার হিসেবে গ্রহণ করেনি। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশিদ আলম জানান, যেহেতু ইউএনও ও ইউপি চেয়ারম্যান স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন, তাই মামলা রেকর্ড করা হয়নি। ইউপি চেয়ারম্যান জহিরুল আলম প্রথম আলোকে বলেন, যাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তাঁরা দলের নেতা-কর্মী হলেও অন্যায় করেছেন। এটা স্বীকার করতে হবে। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও বিদ্যালয়ের স্বার্থে সবার উপস্থিতিতে আগামী রোববার সকালে বিষয়টি সুরাহা করা হবে।