সোনাগাজীতে দুর্বৃত্তরা দুটি দোকান পুড়িয়ে দিয়েছে
ফেনীর সোনাগাজীতে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা দুটি দোকান পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দোকান-মালিকদের দাবি, এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রের ভাষ্যমতে, সোনাগাজী উপজেলার আদর্শ গ্রামের সাগরিকা বাজারের পাশাপাশি দুটি দোকানে মঙ্গলবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে একসঙ্গে আগুন জ্বলে ওঠে। কিছুক্ষণের মধ্যেই আগুনে শাহীদ ফরিদের ওষুধের দোকান এবং আবদুল মান্নানের মুদির দোকান পুড়ে যায়।স্থানীয় সূত্রমতে, ওষুধ দোকানের মালিক শাহীদ ফরিদ স্থানীয় চর দরবেশ ইউনিয়ন রেড ক্রিসেন্টের দলনেতা। তিনি এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য কিছুদিন ধরে চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছিলেন। ইতিমধ্যে এলাকায় একটি পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এতে স্থানীয় সন্ত্রাসীরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়। গতকাল দুটি দোকান আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সোনাগাজী থানায় মামলা করা হয়েছে। সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন প্রথম আলোকে বলেন, তদন্ত করে এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।